চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের একটি দল Fibonacci International Robot & STEM Olympiad (FIRSO) Bangladesh National Round 2026-এ প্রথম স্থান অর্জন করেছে। রাজধানী ঢাকার United International University (UIU)-তে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য দেখিয়ে তারা এ কৃতিত্ব অর্জন করে।
জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে দলটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ইতালিতে অনুষ্ঠিতব্য International/Global Final Round-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছে। নাচোলের শিক্ষার্থীদের এমন সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, মেন্টর, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
বিজয়ী দলের সদস্যরা হলেন—আব্দুল্লাহ আল মোসাব্বির, সারোয়ার জাহান, খালিদ আল সজিব, তানভীর আহমেদ সিয়াম ও ইশতিয়াক আহমেদ শান্ত।
আয়োজক সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে মোট পাঁচটি দল আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। নাচোলের শিক্ষার্থীদের এই অর্জন Robotics, STEM ও Innovation ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে।
দলের সদস্যরা জানান, দীর্ঘদিনের পরিশ্রম, শিক্ষক ও মেন্টরদের দিকনির্দেশনা, আয়োজকদের সহযোগিতা এবং সবার দোয়া ও শুভকামনাই তাদের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইতালির আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেছে তারা।
এদিকে শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম। তিনি বলেন, “নাচোলের শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের। তাদের মেধা, পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনার ফলেই জাতীয় পর্যায়ে এই অর্জন। ইতালির আন্তর্জাতিক মঞ্চে তারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে—এই প্রত্যাশা ও শুভকামনা রইল। তাদের সার্বিক সহযোগিতা করব, ইনশাআল্লাহ।”
নাচোল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান বলেন, “তাদের কঠোর পরিশ্রমেরই এই ফসল। আন্তর্জাতিক পর্যায়ে তারা আরও ভালো করবে—এই প্রত্যাশা করছি। তাদের প্রতি শুভকামনা রইল।”
এ সাফল্যের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন ও মঙ্গল কামনা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকার নাচোলের শিক্ষার্থীরা ইতালিতে যাওয়ার সুযোগ পেয়েছে—এটি অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাদের অভিনন্দন জানাই এবং মঙ্গল কামনা করছি। একই সঙ্গে তাদের শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি।”