দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আব্দুল মজিদ (৫৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে ফুলবাড়ী থানাধীন ২ নম্বর আলাদীপুর ইউনিয়নের বারাই এলিট ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ ফুলবাড়ী উপজেলার শহড়া গৌরীপাড়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মজিদ ফুলবাড়ী শহর থেকে টিন নিয়ে ব্যাটারিচালিত ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথে ভ্যানে থাকা সম্মুখভাগের অতিরিক্ত টিনের অংশে ফুলবাড়ীমুখী একটি অজ্ঞাতনামা কলাবোঝাই পিকআপ ধাক্কা দেয়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকে ধাক্কা দেয়। পরে ভ্যানটি সড়কের ওপর ছিটকে পড়ে।
দুর্ঘটনায় ভ্যানচালক আব্দুল মজিদের মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অজ্ঞাতনামা পিকআপটি শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।