বৃষ্টির কারণে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
বৃহস্পতিবার জাপানের নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে বাংলাদেশ ও চীনের ম্যাচটি স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে বৃষ্টি থেমে রোদ উঠলেও আগের ভারী বর্ষণে মাঠের আউটফিল্ড ভেজা থাকায় খেলা আয়োজন করা সম্ভব হয়নি।
বাংলাদেশের ক্রিকেটাররা ওয়ার্ম-আপ করলেও মাঠ খেলার উপযোগী না হওয়ায় আম্পায়াররা তিনবার মাঠ পরিদর্শন করেন। শেষ পর্যন্ত ২০ ওভারের ম্যাচ আয়োজনের নির্ধারিত সময় শেষ হয়ে যায়। এরপর সুপার ওভার আয়োজনের সম্ভাবনাও বাতিল হয়।
নিয়ম অনুযায়ী, ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দুই দলের টি-টোয়েন্টি র্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হয়। সেখানে বাংলাদেশ ১০ নম্বরে থাকলেও চীনের অবস্থান ৩৬তম। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় কোনো বল মাঠে না গড়িয়েই বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়।
আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। সেখানে সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। শুক্রবার কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে ভারতীয় দল। ওই ম্যাচে ভারত জয় পেলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে তারা।
এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল এর আগে দুবার রৌপ্য ও একবার ব্রোঞ্জ পদক জিতেছে। এবারও পদকের লড়াইয়ে থাকা বাংলাদেশ সাম্প্রতিক এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে।