বাকস্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যাতে না হয়, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ইউএস সংবিধান দিবস উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী জানান, সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে। সব অংশীজনের সঙ্গে আলোচনা করেই আইনটি সংশোধন করা হবে।

তিনি বলেন, মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই আনবে। এর আগে আইনটি নিয়ে গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে।

নতুন সাইবার সুরক্ষা আইনে অনলাইনে সাংবাদিকতার নামে কেউ যাতে অপতথ্য ছড়াতে না পারে, সেই বিষয়টিও বিবেচনায় রাখা হবে বলে জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, একদিকে মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করতে হবে, অন্যদিকে কারও সম্মানহানি বা অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সেটিও আইনে বিবেচনায় রাখা হবে।