কুমিল্লার মুরাদনগরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ খলিল সরকার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খলিল সরকার উত্তর ত্রিশ গ্রামের রুপ মিয়া সরকারের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে ওই রাতে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের উত্তর ত্রিশগামী রাস্তার মাথা থেকে খলিল সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
২০১৩ সালের ২২ জানুয়ারি বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থানীয় সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে এবং খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার প্রতিবাদে মুরাদনগর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, মিছিলটি মুরাদনগর বাস টার্মিনালের কাছে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক ও রড নিয়ে মিছিলে হামলা চালান। এতে বিএনপির ১৫ নেতাকর্মী আহত হন।
তারা আরও বলেন, ওই হামলায় তৎকালীন আওয়ামী লীগ কর্মী খলিল সরকারও সরাসরি অংশ নিয়েছিলেন।সে প্রথম সারির একজন হামলাকারী ছিলেন
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সংরক্ষিত ছবিতে তাকে রামদা হাতে মিছিলের ওপর হামলায় অংশ নিতে দেখা যায় বলেও দাবি করেন স্থানীয় বিএনপি নেতারা।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।