ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় জমি দখল, ধান কাটা, মেহগনি গাছ কেটে ক্ষতিসাধন ও হত্যাচেষ্টার অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মোঃ আবু নাঈম ও তাঁর পক্ষের লোকজন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভূল্লী প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে আবু নাঈম বলেন, সম্প্রতি বিভিন্ন আইপি টিভি, অনলাইন সংবাদমাধ্যম ও জাতীয় দৈনিকে মুজাবর্নী (ডাঙ্গাপাড়া) এলাকার একটি জমি নিয়ে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশিত হয়েছে। সেখানে জমিতে প্রবেশ করে ধান কাটা, মেহগনি গাছ কেটে ক্ষতিসাধন এবং একজনকে হত্যার চেষ্টা করার অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ওই জমির খারিজ, খাজনা এবং এসএ, সিএস ও আরএসসহ প্রয়োজনীয় কাগজপত্র তাদের নামে রয়েছে। জমিটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বলেও জানান তিনি।
মেহগনি গাছ কাটার অভিযোগ প্রসঙ্গে আবু নাঈম বলেন, অভিযোগে উল্লেখ করা গাছগুলো কয়েকদিন আগে লাগানো ছোট গাছ। তাদের দাবি, অন্য পক্ষ তাদের জমিতে জোরপূর্বক এসব গাছ রোপণ করেছিল। ফলে সাতটি মেহগনি গাছ কেটে ৫০ হাজার টাকার ক্ষতি করার অভিযোগও সঠিক নয় বলে দাবি করেন তিনি।
আবু নাঈম আরও দাবি করেন, জমিটি বর্তমানে তাদের দখলে রয়েছে। তারা কারও জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেননি, কারও ধান কাটেননি এবং কাউকে হত্যার উদ্দেশ্যে আঘাত করারও চেষ্টা করেননি।
ধান ও গাছ কে লাগিয়েছিল—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই জমিতে ধান ও গাছ তারা লাগাননি। অন্য পক্ষ যথাযথভাবে চাষাবাদ না করে জমিতে ধান রোপণ করে এবং পরবর্তীতে সেখানে গাছ লাগানো হয় বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কোনো পক্ষ থানায় অভিযোগ করলেই তা প্রমাণিত সত্য হয়ে যায় না। তাই তদন্ত শেষ হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন না করে উভয় পক্ষের বক্তব্য এবং জমির কাগজপত্র যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তারা।
এ সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা প্রকাশ করে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। তদন্তে প্রকৃত ঘটনা যা উঠে আসবে, তা মেনে নেওয়ার কথাও জানান তারা।
তাদের অভিযোগ, যাচাই-বাছাই ছাড়া গুরুতর অভিযোগ সংবাদে প্রকাশিত হওয়ায় তাদের সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তাই সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোতে তাদের প্রতিবাদ বক্তব্য প্রকাশের অনুরোধ জানান তারা।
সংবাদ সম্মেলনে তারা পুনরায় দাবি করেন, জমি দখল, ধান কাটা, গাছ কেটে ক্ষতিসাধন কিংবা হত্যাচেষ্টার সঙ্গে তারা জড়িত নন। আইন অনুযায়ী তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান তারা।