বান্দরবানের লামায় ‘ফ্যাসিস্টমুক্ত লামা প্রেস ক্লাব’ গঠনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বর্তমান প্রেস ক্লাব কমিটির সমালোচনা করে পেশাদার ও স্বাধীন সাংবাদিকদের হাতে ক্লাবের দায়িত্ব হস্তান্তরের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মিরর নিউজের লামা উপজেলা প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন লামা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফ চৌধুরী। তিনি বলেন, লামা প্রেস ক্লাবকে বৈষম্যহীন করতে হবে এবং যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে, তাদের পদত্যাগ করে মুক্ত সাংবাদিকতায় নিয়োজিত সাংবাদিকদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে।

লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রেস ক্লাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তিনি বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুনদের সুযোগ দেওয়ার দাবি জানান।

উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ করিম বর্তমান পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে দ্রুত পরিবর্তনের দাবি জানান।

সমাজকর্মী ও সাংবাদিক আদহাম বিন ইব্রাহিম বলেন, লামা প্রেস ক্লাবটি লামাবাসীর সম্পদ। এটিকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহারের সুযোগ নেই। তিনি কথিত অবৈধ দখলের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচির সঞ্চালক সাংবাদিক নজরুল ইসলাম বলেন, সময় থাকতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে এসে ঐক্যবদ্ধভাবে প্রেস ক্লাব গঠনে সহযোগিতা করা উচিত। অন্যথায় কর্মরত সাংবাদিকরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবেন বলে তিনি হুঁশিয়ারি দেন।

মানববন্ধন চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে লামা থানা পুলিশ, ডিএসবি ও ডিজিএফআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

কর্মসূচিতে সংহতি জানান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আকবর হোসেন, এনসিপির লামা উপজেলা সদস্য সচিব ও সাংবাদিক আব্দুল করিম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফখরুজামান, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. রাশেদ এবং বান্দরবান ছাত্র ফেডারেশনের সংগঠক জাহিদুল ইসলাম।

এছাড়া বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে পরবর্তী সময়ে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।