সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে।
শিশুটির চাচা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আসরের নামাজের পর শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় রহমতপুর গ্রামের আজিজ মিয়ার কিশোর ছেলে লাকিব মিয়া বিস্কুট দেওয়ার কথা বলে শিশুটিকে একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
একপর্যায়ে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত দরজা খুলে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
শিশুটির চাচা বলেন, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং সে বারবার আঁতকে উঠছে। পরে রাতেই তাকে থানায় নিয়ে গিয়ে পুলিশকে বিষয়টি জানানো হয় এবং চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহমদ বলেন, রাতে শিশুটিকে থানায় নিয়ে আসা হয়েছিল। তার রক্তক্ষরণ হচ্ছিল। পরে দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।