কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইংরেজি বিভাগের সান্ধ্যকালীন স্নাতকোত্তর প্রোগ্রামের ২১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিভাগটির ২০৮ শ্রেণিকক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিভাগের অন্যান্য শিক্ষকরাও এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২১তম ব্যাচের নবীন শিক্ষার্থী সাদিয়া আফরিন অনুভূতি প্রকাশ করে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আমি খুবই গর্বিত। আজকে শুধু একটা ডিগ্রির শুরু নয়, একটি সুন্দর যাত্রার শুরু হয়েছে। এখানে  আমাদের অর্জিত শিক্ষা এবং জ্ঞান অর্জনের মাধ্যমে, সেগুলোকে আমরা ভবিষ্যৎ সমাজে পরিবর্তনে কাজে লাগাব। আমরা এখানে একসাথে শিখব, জানব এবং সফলতার শিখরে পৌঁছাব।

সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, “ইংরেজি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী বিভাগ। এই বিভাগে সাহিত্য ও ইংরেজি ভাষার ওপর দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞানকে জীবনের বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। সংগ্রাম, জ্ঞান ও একাগ্রতা জীবনে এগিয়ে যাওয়ার অন্যতম চাবিকাঠি। শিক্ষার্থীদের শুধু দেশের নাগরিক হিসেবে নয়, বরং বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করে বৈশ্বিক প্রতিযোগিতায় যোগ্য হয়ে উঠতে হবে।”