সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস, শাড়ি এবং লেহেঙ্গাসহ জহিরুল (২৮) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) এসআরবি-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গতকাল ১৮ সেপ্টেম্বর বিকেল ৪:৫৫ টায় এসআরবি-৯, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ছাতক উপজেলা পরিষদের সামনে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ছাতক পৌরসভার পেপার মিল বাজারের একটি মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর কতিপয় ব্যক্তি পিকআপ ভ্যানে করে অবৈধ ভারতীয় মালামাল নিয়ে অবস্থান করছে।
এই সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ এর দলটি সন্ধ্যা ৭:১০ টায় ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পিকআপ ভ্যান নিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে জহিরুল নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত জহিনুর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার জগন্নাতপুর গ্রামের মো. আতাবুরের ছেলে।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে পিকআপ ভ্যানের ভেতর প্লাস্টিকের বস্তায় মোড়ানো বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে- ৩২৩ পিস শাড়ি,১৭ পিস লেহেঙ্গা,২৪৩৪ পিস ফেসওয়াশ (Face Wash), ২৬৭ পিস সানস্ক্রিন (Sunscreen, ৪১০ পিস ময়েশ্চারাইজার (Moisturizer),
৬ পিস শেকমেট মিল্ক (Shakemate Milk),৫ পিস প্রোটিন পাউডার (Protein Powder)।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছে যে, সে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
উদ্ধারকৃত মালামাল ও পিকআপ ভ্যানসহ আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
এলাকায় অপরাধ দমন ও চোরাচালান রোধে এসআরবি-৯ এর এই গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।