কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলের মরদেহ পাওয়ার পর তার ‘হত্যার’ বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মিছিলটি শুরু হয়ে দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে এরপর আনসার ক্যাম্পের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা, বারোটা ঘন্টার মধ্যে বিচার নিশ্চিত না হলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা, ‘ধিক্কার ধিক্কার, পুলিশ ধিক্কার’ ‘অপ্রতীম মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘জাস্টিজ জাস্টিজ, উই ওয়ান্ট জাস্টিজ’ সহ বিভিন্ন স্লোগান দেন।

ফার্মেসী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাঈমুর রহমান বলেন, ‘বারোটার ঘন্টার মধ্যে দোষীকে বিচারের আওতায় আনতে হবে। কুমিল্লা শহরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী অঞ্জন রায় বলেন, ‘আজকের এই ঘটনার বিচার ১২ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে হবে, শহরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কুবি ক্যাম্পাসে পাশে পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে এবং কুমিল্লার প্রশাসনের বিচার কার্যক্রম দৃশ্যমান করতে হবে নাহলে কুমিল্লা-চটগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।’