বোয়ালখালীতে মাধ্যমিক পর্যায়ের স্কাউট ইউনিট লিডারদের নিয়ে দিনব্যাপী ‘ইউনিট লিডার রিফ্রেশার্স কোর্স’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস, বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের মিলনায়তন ‘স্বাধীনতা কক্ষ’-এ এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট ইউনিট লিডারদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং স্কাউট কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ রিফ্রেশার্স কোর্সের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক এস. এম. শাহনেওয়াজ আলী মির্জা, চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের সাবেক সম্পাদক কামাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার কমিশনার মোহাম্মদ আলী, বোয়ালখালী উপজেলা স্কাউটসের কমিশনার তাপস কুমার ঘোষ ও সহ-সভাপতি কামরুল হাসান।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কোর্স লিডার মুজিবুর রহমান ফারুকী এলটি, প্রশিক্ষক প্রবীর কান্তি মজুমদার এএলটি, প্রজীব কুমার বড়ুয়া ও এস. এম. গোলাম মোস্তফা।

উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মনির্ভরশীলতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা গড়ে ওঠে। এ কার্যক্রমকে আরও কার্যকর করতে দক্ষ ও প্রশিক্ষিত ইউনিট লিডারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত রিফ্রেশার্স প্রশিক্ষণের মাধ্যমে ইউনিট লিডারদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।

দিনব্যাপী প্রশিক্ষণে স্কাউটিং কার্যক্রম, ইউনিট পরিচালনা, নেতৃত্ব ও ব্যবস্থাপনা, প্রশিক্ষণ পদ্ধতি এবং আধুনিক স্কাউটিং কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী ইউনিট লিডারদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে স্কাউটিং কার্যক্রমকে আরও শক্তিশালী, নিয়মিত ও গতিশীল করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।