কুড়িগ্রামে ইউরিয়া সার বিতরণে বিলম্ব করায় ক্ষুব্ধ হয়ে সাময়িক সময়ের জন্য সড়ক অবরোধ করেছেন কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়নের প্রায় দুই শতাধিক কৃষক।
রবিবার (২০ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার মাঠেরপাড়, ঘোগাদহসহ বেশ কয়েকটি এলাকায় সার বিতরণে বিলম্ব করাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে নাগেশ্বরী – কুড়িগ্রাম মহা সড়কটি অবরোধ করে রাখেন স্থানীয় কৃষকরা। পরে পরিস্থিতি শান্ত করতে দ্রুত হস্তক্ষেপ করেন প্রশাসন, পুলিশ ও কৃষি কর্মকর্তারা। এরপরে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরলে পুনরায় সার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
তবে অভিযোগ রয়েছে, সার বিতরণ ও চাহিদার তুলনায় কম সার সরবরাহ করা নিয়ে। এছাড়াও একাধিক কৃষক দীর্ঘ সময় অপেক্ষার পরেও সার পাচ্ছিলেন না। এতে করে ক্ষিপ্ত হয়ে উঠেন সার নিতে আসা কৃষকরা।
এরই জেরে কৃষকরা বাধ্য হয়ে কুড়িগ্রাম – নাগেশ্বরী মহা সড়কটি ঘিরে অবরোধ করেন। খবর পেয়ে দ্রুত প্রশাসন, পুলিশ ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
সড়ক অবরোধের সময় কৃষকরা দাবি করে বলেন, চাহিদার তুলনায় কম সার পাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে কৃষক সমাজকে। যার ফলে ফসল উৎপাদনের মৌসুমে উৎপাদন ও ফলন নিয়ে দিন-রাত দুশ্চিন্তায় করতে হচ্ছে।
কয়েকজন কৃষক দাবি করে বলেন, আমন মৌসুমে সময় মতো সার না পেয়ে জমির আবাদ ভালো হচ্ছে না। আমাদের জমির চাষ অনুযায়ী প্রয়োজন মোতাবেক সার পাচ্ছি না। এভাবে যদি চাহিদা মতো সার না পাওয়া যায় তাহলে আমরা আবাদ করবো কিভাবে।
এ বিষয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ও কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছে, সার নিয়ে কোন সংকট নেই জেলায়। প্রয়োজনের তুলনায় প্রায় এক হাজার মেট্রিক টন ইউরিয়া সার অতিরিক্ত মজুদ আছে। তবে বিতরণে বিলম্ব করা বিষয়টি নিয়ে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হবে।