ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগসহ আওয়ামী লীগের কোনো অপতৎপরতায় সরকার ও জনগণ মোটেও শঙ্কিত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল। তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দলটির পক্ষ থেকে অপতৎপরতা চালানো হচ্ছে। দেশবাসী ইতোমধ্যে তাদের বর্জন ও প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করছে। আসামিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের এসব কর্মকাণ্ডে সরকার ও জনগণ মোটেও শঙ্কিত নয়।

কিশোর অপ্রতিম হত্যা

কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে।

তিনি বলেন, অভিযুক্তরা কিশোর অপরাধ চক্রের সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে নিহত কিশোরের মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। দ্রুততম সময়ে আইনি কার্যক্রম শেষ করে অভিযোগপত্র দেওয়া হবে।

রামিসা হত্যাকাণ্ডের মতো এ মামলার বিচারও যাতে দ্রুত সম্পন্ন হয়, সে জন্য বিচার বিভাগকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) শিশু নিখোঁজসংক্রান্ত পরিসংখ্যানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ-সংক্রান্ত তথ্য-উপাত্ত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

সামাজিক অবক্ষয়কে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সামাজিক অবক্ষয়কে অপরাধের অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রায় সব ক্ষেত্রেই দেখা যায়, সাইবার স্পেসে সংঘটিত অপরাধের সঙ্গে মাদক, জুয়া বা পর্নোগ্রাফির মতো অনুষঙ্গ জড়িত।

সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তেজগাঁওয়ের ঘটনায় ২৩ জন আটক

রাজধানীর তেজগাঁওয়ের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ জনকে আটক করা হয়েছিল। তাদের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ১১ জনকে নিরপরাধ হিসেবে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

বাকি ব্যক্তিরা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি নতুন উগ্রবাদী সংগঠন গড়ে তোলার চেষ্টা করছিলেন বলে দাবি করেন তিনি। তাদের বিরুদ্ধে মামলা করে রিমান্ডে নেওয়া হয়েছে।

১৫০ গ্যাসকূপ খননের পরিকল্পনা

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত আমলের পুঞ্জীভূত সমস্যার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাময়িক সংকট তৈরি হলেও বর্তমান সরকার দেশের নিজস্ব সম্পদ আহরণে গুরুত্ব দিয়েছে।

দেশের শিল্প খাতে গ্যাসের ধারাবাহিক সরবরাহ বজায় রাখতে ২০৩০-৩১ সালের মধ্যে নতুন ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, এরই অংশ হিসেবে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে ইতোমধ্যে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। নিজস্ব প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ দ্রুত গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটের স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিরোধী দলের লংমার্চ শান্তিপূর্ণ

বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে যেকোনো রাজনৈতিক দলের গঠনমূলক সমালোচনা ও কর্মসূচি পালনের অধিকার রয়েছে। বিরোধী দলের লংমার্চগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সার্বিক সহযোগিতা করছে।