জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সংসদ সদস্য ভবনের (ন্যাম ভবন) একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে তারা ন্যাম ভবনে যায়। সেখানে একটি কক্ষে ফ্যানের সঙ্গে মরিয়মের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

মরিয়মের মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলো কাজ করছে। গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিষয়ে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।