যশোরের শার্শা উপজেলার অগ্রভূলাট সীমান্ত এলাকা থেকে ৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তি হলেন শার্শা উপজেলার অগ্রভূলাট গ্রামের নুর হোসেনের ছেলে আবু সাইদ (২৯)।বিজিবি জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অগ্রভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।