পাবনার সাঁথিয়া পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় পৌরসভার দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে মাস্টার প্ল্যান (MP) প্রণয়ন বিষয়ক তৃতীয় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও সাঁথিয়া পৌরসভার প্রশাসক আসিফ রায়হান।
সভায় পৌরসভার মাস্টার প্ল্যানের খসড়া রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ড্রেনেজ ব্যবস্থা, সড়ক যোগাযোগ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।
আলোচনায় অংশ নেওয়া অতিথি ও স্থানীয় প্রতিনিধিরা সাঁথিয়া পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে মাস্টার প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন করা হলে সাঁথিয়া পৌরসভার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবার মানও আরও বৃদ্ধি পাবে।