চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর হাসপাতাল) পরিদর্শন করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি এ হাসপাতাল পরিদর্শনে যান।

পরিদর্শনকালে তার সাথে ছিলেন ডা. শিব্বীর আহমেদ প্রিন্স। সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান হাসপাতালের বহির্বিভাগ, আন্তঃবিভাগ, জরুরি বিভাগ, স্কোর কক্ষ, ল্যাবরেটরি, যক্ষ্মা নিয়ন্ত্রণ কক্ষ, এনসিডি কর্নার, আইএমসিআই কর্নার ও আই-ভিশন সেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবার মান ও সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক সেবামূলক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন সিভিল সার্জন। একই সাথে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।