লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি আরবের বিমান হামলায় ছয়জন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে ইয়েমেনভিত্তিক সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সাবা নিউজ জানায়, সোমবার রাতে মোখায় বোমাবর্ষণ করে সৌদি বিমান বাহিনী। এতে ছয়জন নিহত এবং আটজন আহত হন। আহতদের মধ্যে দুই শিশু ও একজন নারী রয়েছেন।

ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা ও সামরিক-লজিস্টিক স্থাপনা লক্ষ্য করে গত কয়েক দিনে সৌদি বিমান হামলা বেড়েছে বলে দাবি করেছেন হুথি নেতারা। তাদের তথ্য অনুযায়ী, ১১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে সৌদি বিমান বাহিনী প্রায় ৩০০টি অভিযান পরিচালনা করেছে।

এর আগে ১৬ সেপ্টেম্বর হুথি বাহিনী সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে গোষ্ঠীটি। পাশাপাশি সৌদি আরবের জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনাতেও কয়েক দফা হামলার দাবি করেছে হুথিরা।

আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। হুথিদের পক্ষ থেকে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি বাব এল-মান্দেব প্রণালি নিয়েও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করা হয়েছে।

সূত্র: এএফপি