বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনকালে নিহত ও গুরুতর আহত সামরিক সদস্যদের পরিবারের মধ্যে ৭০টি ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের হাতে এসব ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনে এসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন শহীদ পরিবারের সদস্যদের হাতে বরাদ্দপত্র তুলে দেন।

অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে নিহত ও গুরুতর আহত মোট ৭০টি পরিবারের অনুকূলে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।

আইএসপিআর জানায়, ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে সরকারের অনুমোদনক্রমে মিরপুর ডিওএইচএসে দুটি ভবনে মোট ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে বরাদ্দগ্রহীতাদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (এসকেসিডি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনকালে প্রাণ বিসর্জন দেওয়া এবং গুরুতর আহত সামরিক সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।