সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-৯। এ ঘটনায় মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এসআরবি।

এসআরবি-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর ইউনিয়নের গামাইরতলা এলাকার একটি বসতবাড়ির পাশে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া দুটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি) জানায়, উদ্ধার করা মাদকের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এস আর বি)-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।