ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দিতে ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে গঠিত মেডিকেল টিম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম, ডা. গালিব হাসান এবং সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।
মেডিকেল টিমের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল (মিটফোর্ড) এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন তারা।
পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ, জ্বরের সময় করণীয় ও বর্জনীয়, পর্যাপ্ত তরল গ্রহণ, বিপজ্জনক উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা এবং মশার প্রজননস্থল ধ্বংসসহ ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন বিষয়ে রোগী ও স্বজনদের সচেতন করা হয়।
মেডিকেল টিমের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
জনস্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসক সমাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তারা জানান।