রংপুরের গঙ্গাচড়ায় জ্বালানি তেলের পরিমাপে ত্রুটি পাওয়ায় দুই ফিলিং স্টেশনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এতে বিএসটিআই, রংপুরের কর্মকর্তারা সহযোগিতা করেন।
অভিযানে ফিলিং স্টেশনগুলোর ডিজেল, অকটেন ও পেট্রোলের পরিমাপ পরীক্ষা করা হয়। এ সময় মেসার্স শিহাব ফিলিং স্টেশনের একটি ইউনিটে এবং মেসার্স মামুনুর রশীদ পেট্রোলিয়ামের তিনটি ইউনিটে পরিমাপে ত্রুটি ধরা পড়ে।
পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ও ৪৬ ধারায় মেসার্স শিহাব ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা এবং মেসার্স মামুনুর রশীদ পেট্রোলিয়ামকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযান শেষে গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম জানান, জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে ফিলিং স্টেশনগুলোতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।