চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আলীকদমে বিষপান করা যুবক আরাফাত মিয়া। বুধবার (২৩ তারিখ) রাত ১টার দিকে ওয়ার্ড নং-১৬, বেড নং-এম এক্স-১০, রেজি নং-২৮৫৭৭৯ এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। কর্তব্যরত ডাক্তার তার মৃত্যুর কারণ হিসেবে PARAQUAT POISONING মর্মে উল্লেখ করেন।
এর আগে গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর আনুমানিক একটার দিকে বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার ১ নং সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পেঠান সর্দার পাড়ায় নিজ বসতঘরে পারিবারিক কলহের জের ধরে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তার পরিবারে অভ্যন্তরীণ কলহ চলছিল। মঙ্গলবার দুপুরে পারিবারিক মনোমালিন্য চরম আকার ধারণ করলে ক্ষোভে ও অভিমানে তিনি নিজ ঘরে বিষপান করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
মঙ্গলবার রাতে আত্মীয়-স্বজনরা তাকে চমেক হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ভিকটিমের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় আলীকদম থানা পুলিশ।