বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে খেলা থেকে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলো—ইসলামপুরের আতিক্কাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল কবির (১৪) এবং নুরুল আমিন বৈদ্দরের ছেলে নাজিমুল ইসলাম (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাবার পর শিশুটির মা তাকে পাশের একটি বাসায় রেখে মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে আনতে যান। এ সময় শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। অভিযোগ রয়েছে, ওই দুই কিশোর শিশুটিকে খেলা থেকে ডেকে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে তার ওপর যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পরে শিশুটির রক্তক্ষরণ হলে তাকে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানান আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম।
তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুই কিশোরকে আটক করা হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।