শিশু শ্রম হ্রাস, ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করা এবং শিশুদের অধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নীলফামারীতে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট—এএফডির উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে সকালে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টরা অংশ নেন।
এ সময় অংশগ্রহণকারীদের হাতে শিশু শ্রম বন্ধ, ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বানসংবলিত বিভিন্ন বার্তা ও প্ল্যাকার্ড দেখা যায়।
বাইসাইকেল র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে নীলফামারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
আয়োজকরা জানান, দারিদ্র্য, অসচেতনতা ও বিভিন্ন সামাজিক কারণে অনেক শিশু অল্প বয়সেই বিদ্যালয় থেকে ঝরে পড়ে এবং শ্রমে যুক্ত হয়। এতে শিশুর স্বাভাবিক বিকাশ ও শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়। তাই শিশু শ্রম কমানোর পাশাপাশি ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়মুখী করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে শিশু শ্রম পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এর পাশাপাশি প্রয়োজন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা ও উদ্যোগ।
ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের শ্রমে না পাঠিয়ে তাদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিশু শ্রমের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগ আরও জোরদার হবে।