নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ক্যাশলেস ক্যাম্পাস’ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পিএলসি (UCB) ও নোবিপ্রবির যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সভায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সহজতর পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ফি জমাদানসহ আর্থিক বিভিন্ন কাজ ক্যাশলেস ও সহজভাবে সম্পাদন করতে পারবে। উপাচার্য আরও বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না এবং একটি নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের কষ্ট লাঘব হবে। এ সময় একটি আধুনিক, স্মার্ট ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মাহাবুবুর রশিদ, নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ কার্যক্রম বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট নোবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ক্যাশলেস প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই টিউশন ফি, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ বিভিন্ন ধরনের ফি জমা দিতে পারবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডেবিট ও ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে।