খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাটিরাঙ্গা বাজারের মারমা হোটেল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম মুন্না গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা পৃথক দুটি সিআর মামলায় (মামলা নং-২১৩৫/২০২৪ ও ৫১৪/২০২৫) আদালত থেকে প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

আদালতের ওই পরোয়ানার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাটিরাঙ্গা বাজার এলাকা থেকে তাকে আটক করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।