পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবির আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় যুদ্ধবিমানটি পুনঃস্থাপনের সম্ভাব্য স্থান ও কারিগরি বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ।