বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলো—বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ৯নং ওয়ার্ডের রহমতপুর ইউনিয়নের সাদেক খান গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মেহেদী হাসান (৩৪) এবং ঝালকাঠি জেলার রাজাপুর থানার মঠবাড়ী ইউনিয়নের আইলাকাঠী গ্রামের মৃত মোছলেম খানের ছেলে মোঃ রাশেদ (৩৩)।
​পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান বরিশালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ খানের নেতৃত্বে এসআই সিদ্দিক, এসআই মাসুদ ও এএসআই তারেকসহ পুলিশের একটি চৌকস টিম সেরাল গ্রামে বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ওই দুজনকে আটক করে তল্লাশি চালিয়ে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, মাদক চালানের মূল হোতা ‘হিরা মাঝি’র নির্দেশে তারা এই বিপুল পরিমাণ ইয়াবা বরিশালের দিকে নিয়ে যাচ্ছিল।
​পুলিশের এই সফল অভিযানের পর সার্কেল এসপি সরাসরি ঘটনাস্থল ও থানায় উপস্থিত হয়ে আগৈলঝাড়া থানা পুলিশের এই কৃতিত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং পুরো টিমকে ধন্যবাদ জানান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।