মাদারীপুরের আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজ থেকে দেশীয় অস্ত্রসহ তাহসিন সিকদার নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
আটক তাহসিন সিকদার মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকার আজিজুল সিকদারের ছেলে।
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শেষে নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজের সঙ্গে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুর আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়।
তবে রোববার স্কুল ছুটির পর বের হওয়ার সময় পূর্বের বিরোধের জেরে নুর আলম বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ মিনহাজের ওপর হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।
এ সময় মিনহাজের চিৎকার-চেঁচামেচি শুনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসেন। পরে ঘটনাস্থল থেকে তাহসিন সিকদার নামে এক বহিরাগতকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে দেওয়া হয়।
ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।