আব্দুস সালাম মোল্লা। ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ী মন্দিরে চুরির ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। মাটির নিচে পুঁতে রাখা এক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের কালীমূর্তিসহ চোরাই মালামাল উদ্ধার এবং আন্তজেলা চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন – আলফাডাঙ্গা উপজেলার আসাদুজ্জামান সাদ্দাম (৩৮), তার মা সাজেদা বেগম (৬৫), বোয়ালমারীর আল আমিন মোল্লা (২৪) এবং চোরাই স্বর্ণ কেনার অভিযোগে জুয়েলারি ব্যবসায়ী আতিয়ার রহমান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর রাতে মন্দির তালাবদ্ধ করে যান সেবায়েত। পরদিন ২০ সেপ্টেম্বর ভোরে দেখা যায় – তালা কেটে প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথরের কালীমূর্তি, পাঁচ ভরি সোনা, ৩০ ভরি রূপার অলংকার ও পিতলের প্রতিমা চুরি হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হলে পুলিশ ও ডিবি যৌথ তদন্তে নামে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে বাড়ির পেছনের মাটির নিচ থেকে কষ্টিপাথরের মূর্তি এবং রান্নাঘরের মাটি খুঁড়ে অলংকার উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে ১০টি ও আল আমিনের বিরুদ্ধে আটটির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।