প্রকাশ্যে ২ কোটি টাকার ঘুষ দাবী করা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর্থিক লেনদেন এর কথোপকথন এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ায় আজ সোমবার ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরি বিধিমালা ১৯৮২ এর ১৪১(১) অনুসারে তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তর (বিউবো) ঢাকার সহকারী পরিচালক-৩ মো: কাউছার আহম্মেদ অপুর স্বাক্ষরিত এক চিঠিতে এ সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা ১৯৮২ এর ১৪১ (২) নং বিধি মোতাবেক খোরপোষ ভাতা (Subsistence Allowance) পাবেন এবং এসময়ে নিয়ন্ত্রনকারী কর্মকর্তার পূর্বানুমতি ব্যতিরেকে তিনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলেও দপ্তরাদেশ জারী করা হয়।
এর আগে, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫ কোটি টাকার কাজে তাকে ২ কোটি টাকা ঘুষ চাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।