রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সঞ্জিতা ত্রিপুরা (৯) নামে এক কন্যাশিশু গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাজেকের চাইল্যাতলী এলাকায় দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপ ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সঞ্জিতা ত্রিপুরার বাম হাতে গুলি লাগে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দুটি পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় এক শিশুর বাম হাতে গুলি লাগে। পরে শিশুটির হাত থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।