বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২.০’। বুটেক্স সায়েন্স ক্লাবের আয়োজনে দিনব্যাপী এই জাতীয় প্রতিযোগিতা সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম, সেমিনার কক্ষ, একাডেমিক ভবন ও কেন্দ্রীয় মাঠজুড়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার বিভিন্ন পর্ব।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলা এবং টেক্সটাইল খাতের বাস্তব সমস্যার টেকসই সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে থাকবে প্রজেক্ট প্রদর্শনী, গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনা, কুইজ প্রতিযোগিতা, টেক্সটাইল কেস প্রতিযোগিতা, ট্রেজার হান্ট, প্রবন্ধ লেখা প্রতিযোগিতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভিডিও নির্মাণ প্রতিযোগিতা। এছাড়া উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য থাকবে বিজ্ঞান কল্পকাহিনি লেখা, গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড ও রসায়ন অলিম্পিয়াড।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার বিভিন্ন পর্ব বুটেক্স ক্যাম্পাসের পৃথক পৃথক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অডিটোরিয়ামে থাকবে প্রজেক্ট প্রদর্শনী, পোস্টার উপস্থাপনা ও কেস প্রতিযোগিতা। সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতার মঞ্চ পর্ব। একাডেমিক ভবনে হবে কুইজের লিখিত পর্ব, অলিম্পিয়াড এবং বিজ্ঞান কল্পকাহিনি লেখা প্রতিযোগিতা। কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে ট্রেজার হান্ট। আর প্রবন্ধ লেখা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভিডিও নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অনলাইনে।
প্রতিটি প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের জন্য থাকবে অংশগ্রহণ সনদ। পাশাপাশি প্রতিটি বিভাগের চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ কে প্রদান করা হবে সনদ, ক্রেস্ট এবং প্রাইজমানি।
এ বিষয়ে বুটেক্স সায়েন্স ক্লাবের সভাপতি ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রুবায়েত রশীদ রনি বলেন, “টেক্সভার্স ২.০-এর মাধ্যমে আমরা তরুণদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা সবার সামনে তুলে ধরতে চাই। আমাদের লক্ষ্য শুধু একটি প্রতিযোগিতার আয়োজন নয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলা এবং টেক্সটাইল শিল্পের বাস্তব সমস্যার টেকসই সমাধান খুঁজে বের করতে তাদের অনুপ্রাণিত করা।”
বুটেক্স সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী কে এম শফিক রাইয়্যান বলেন, “টেক্সভার্স ২.০-এর মূল উদ্দেশ্য দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও গবেষণার আগ্রহ সৃষ্টি করা। এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের জ্ঞান ও দক্ষতা দেশের টেক্সটাইল খাতের বিশিষ্ট ব্যক্তিদের সামনে উপস্থাপনের সুযোগ পাবেন, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ অক্টোবর পর্যন্ত নিবন্ধন চলবে। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এবং বুটেক্স ক্যাম্পাসে স্পট নিবন্ধনের মাধ্যমেও অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য ও নিবন্ধনের নিয়ম বুটেক্স সায়েন্স ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।