যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার উলাশী ইউনিয়নের কামারপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মমিনুর রহমান (৬৬) উলাশী গ্রামের মৃত মান্দার বক্সের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি ৯ নম্বর উলাশী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।
শার্শা থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের করা এফআইআর নং-২৩ ও জিআর নং-৩০২ মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।
পুলিশের এসআই আশীষ সরকার ও এএসআই মো. আজমুল হুদা মিঠুর নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাত ৭টা ১০ মিনিটে উলাশী গ্রামের তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গ্রেপ্তার মমিনুর রহমানকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শার্শা থানা-পুলিশ।