মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন এক গ্রাহক। অথচ তার নামে বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা! এমন অস্বাভাবিক বিল দেখে হতবাক হয়ে পড়েন গ্রাহক ও তার পরিবারের সদস্যরা। পরে বিদ্যুৎ বিভাগের ভুল ধরা পড়লে বিলটি সংশোধন করে নির্ধারণ করা হয় মাত্র ১ হাজার ৯৬৩ টাকা। সংশোধিত ওই বিলই পরিশোধ করেছেন গ্রাহক।

সম্প্রতি মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোছা. আলেয়া খাতুন ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী। তার নামে সেপ্টেম্বর ২০২৬ মাসের বিলটি ইস্যু করে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিস।

বিলের তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর মিটারের বর্তমান রিডিং ছিল ৩৯৫ এবং ৮ আগস্টের পূর্ববর্তী রিডিং ছিল ১৬০। অর্থাৎ এক মাসে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট।

কিন্তু ওই ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিলে ডিমান্ড চার্জ হিসেবে দেখানো হয় ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট এবং ১০ টাকা মিটার ভাড়া যোগ করে মোট বিল দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।

নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ ওই বিলের পরিমাণ দাঁড়ানোর কথা ছিল ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা। অথচ ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত বিল ছিল মাত্র ১ হাজার ৯৬৩ টাকা। বিলম্ব মাশুলসহ প্রকৃত বিল হওয়ার কথা ছিল ২ হাজার ৫৬ টাকা।

গত ১০ সেপ্টেম্বর ইস্যু করা বিলটির পরিশোধের শেষ তারিখ ছিল ২৯ সেপ্টেম্বর। বিলটিতে গ্রাহকের শ্রেণি হিসেবে ‘এলটি-এ (আবাসিক)’ উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মোছা. আলেয়া খাতুন বলেন, “এটা শুধু ভূতুড়ে বিল নয়, আজগুবিও। বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির কারণে আমাকে দুশ্চিন্তা ও ভোগান্তির শিকার হতে হয়েছে।”

পরে মঙ্গলবার দুপুরে তাকে আড়পাড়া জোনাল অফিসে ডেকে নিয়ে বিলের ভুল সংশোধন করা হয় এবং ১ হাজার ৯৬৩ টাকার নতুন বিল দেওয়া হয়। তিনি সংশোধিত বিলটি পরিশোধ করেন।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম বলেন, কম্পিউটারে বিল তৈরির সময় কর্মীদের টাইপিং ভুলের কারণে এমনটি হয়েছে। বিষয়টি জানার পর ভুক্তভোগী নারীকে ডেকে এনে বিলটি সংশোধন করে দেওয়া হয়েছে।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলাম বলেন, টাইপিং ভুলের কারণেই এমনটি হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।