দীর্ঘ প্রতীক্ষার অবসান। কয়েক যুগ পর অবশেষে উন্নয়নের ছোঁয়া লাগলো বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রত্যন্ত বগা জোলাগাতি গ্রামে। বছরের পর বছর কাদা মাড়িয়ে চলার কষ্ট লাঘব হতে চলেছে গ্রামের মানুষের। বর্তমানে গ্রামের কাঁচা রাস্তায় চলছে ইট বিছানোর (এইচবিবি) কাজ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের সরু কাঁচা রাস্তার দুই ধারে জমে আছে লাল ইটের স্তূপ। সেই ইট হাতে নিয়ে মনের আনন্দে হেরিংবোন পদ্ধতিতে সাজিয়ে যাচ্ছেন শ্রমিকরা। তীব্র রোদের মধ্যেও তাদের মুখে ক্লান্তি নেই। কারণ এই রাস্তা শুধু ইটের রাস্তা নয়, এটি এই গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন।

কাদার ভোগান্তি থেকে মুক্তি:
স্থানীয়রা জানান, বগা জোলাগাতি গ্রামের এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাফরা করে, স্কুল-কলেজের শিক্ষার্থী ও কৃষকদের যাতায়াত করতে হয়। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় একাকার হয়ে যেত। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া, ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া ছিল চরম কষ্টের। কয়েক যুগ ধরে গ্রামবাসী এই রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসছিলেন।

অবশেষে মথুরাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই রাস্তায় ইট বিছানোর কাজ শুরু হয়েছে। এতে গ্রামের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

বগা জোলাগাতি গ্রামের এক বাসিন্দা বলেন, আমাদের এই রাস্তা নিয়ে কত চেয়ারম্যান-মেম্বার এলো গেলো, কেউ কথা রাখেনি। আজ বহু বছর পর আমাদের রাস্তার কাজ হচ্ছে, আমরা খুব খুশি। এখন আর বৃষ্টিতে কাদায় পড়তে হবে না।

রাস্তার দুই পাশে সবুজ গাছপালা ঘেরা ছায়াময় পথে শ্রমিকরা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। কয়েকজন শিশুও নতুন রাস্তা দেখে আনন্দে পাশে ঘুরে বেড়াচ্ছে।

কাজটি দ্রুত শেষ হলে এই অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত ফসল সহজেই বাজারে নিতে পারবেন এবং শিক্ষার্থীদের যাতায়াত অনেক সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।