খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম প্রফুল্লপাড়ায় স্থানীয় শিশুদের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং নিরাপদ পানির সংকট নিরসনে জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন।
উদ্যোগের আওতায় প্রফুল্লপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের কাজ করা হয়েছে। এর ফলে বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো আগের তুলনায় আরও ব্যবহারোপযোগী হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পরিবেশ উন্নত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
একইসঙ্গে দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির সমস্যা সমাধানে সৌরশক্তিচালিত পানির পাম্প স্থাপন করা হয়েছে। পাম্পের মাধ্যমে পাইপলাইনে পানি সরবরাহের পাশাপাশি পানির সংরক্ষণের জন্য ট্যাংকও স্থাপন করা হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে প্রফুল্লপাড়াসহ আশপাশের দুটি পাড়ার অর্ধশতাধিক পরিবার নিরাপদ পানি ব্যবহারের সুযোগ পাবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয় সংস্কারের পাশাপাশি সৌরশক্তিনির্ভর পানি সরবরাহ ব্যবস্থা চালু হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের কিছু সমস্যার সমাধান হবে। বিশেষ করে শিশুদের বিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশে পড়াশোনা এবং পরিবারগুলোর নিরাপদ পানি ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।
মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।