:
পঞ্চগড়ের শালডাঙ্গা ইউনিয়নের খারিজা কাটনহারী গাইবান্ধাপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর আনুমানিক বিকেল ৩টার দিকে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আব্দুল মতিন পাটোয়ারী। সভায় মাদকের ভয়াবহতা, মাদক নির্মূলে স্থানীয়দের ভূমিকা এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমিনুল ইসলাম, চিকিৎসক মনঞ্জেল আলিম, বিশিষ্ট সমাজসেবক বাবুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদকের কারণে তরুণরা বিপথগামী হওয়ার পাশাপাশি চুরি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে পড়তে পারে। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ওপর নির্ভর না করে মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, এলাকায় কোথাও মাদক বিক্রি বা সেবনের তথ্য পাওয়া গেলে তা গোপন না রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধু-বান্ধবের বিষয়ে সচেতন থাকতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব।
বক্তারা মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, পরিবারভিত্তিক নজরদারি, স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কোনো ব্যক্তি মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকে সামাজিকভাবে প্রশ্রয় না দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করতে হবে।
আলোচনা শেষে খারিজা কাটনহারী গাইবান্ধাপাড়া মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা এলাকায় মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম পরিচালনা এবং মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।