দিনাজপুরের বিরামপুরে চার উপজেলার ২৬টি ফুটবল দলের অংশগ্রহণে ‘দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে বিরামপুর উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
টুর্নামেন্টে দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার ২৩টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার মোট ২৬টি ফুটবল দল অংশ নিচ্ছে। চার উপজেলার বিএনপির আয়োজনে এবং মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় চার উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খেলাধুলা সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনের অন্যতম মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করতে ভূমিকা রাখবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা বিকাশের সুযোগ তৈরি হবে।
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে ভূমিকা রাখে। তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিরামপুরে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের ট্রফি ও লোগো উন্মোচন করেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিরামপুর উপজেলা মিনি স্টেডিয়ামে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনের মধ্য দিয়ে চার উপজেলার ২৬টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।