চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) এনাম নাহার মোড়ের ভাই ভাই হোটেলের একটি কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর রাতে নিড বাংলাদেশ এলাকায় একটি ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রথমে ৯ জন এবং পরবর্তী সময়ে ৮ জনকে মামলায় আসামি করা হয়েছে। তবে মামলায় আসামি করা ব্যক্তিরা ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন বলে দাবি করেন সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতারা।
তারা বলেন, রাজনৈতিকভাবে হয়রানি ও ষড়যন্ত্রের উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্র ও যুবনেতা তসলিম উদ্দিন, হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আহমেদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কাউছার ও ইউছুপ, সাংগঠনিক সম্পাদক আফছার উদ্দিন, দপ্তর সম্পাদক শওকত আকবর, সহদপ্তর সম্পাদক মাইনউদ্দীন ফয়সাল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলা, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, মুছাপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন, হারামিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শামীম আফগানী ও যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলন থেকে তারা ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে নিরপরাধ নেতাকর্মীদের মামলা থেকে অব্যাহতি এবং মামলা প্রত্যাহারের আহ্বান জানান।