জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়িতে অভিযান চালিয়ে ৫৪ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাড়ির মালিক রমজানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে মজুত রাখা ৭৬ বস্তা সারের মধ্যে ২১ বস্তার বৈধ কাগজপত্র দেখাতে পারায় সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। অভিযানে জয়নালের ছেলে রমজানের বাড়ি থেকে এসব সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিরতা গ্রামের ওই বাড়িতে বিপুল পরিমাণ সার মজুত করে রাখার তথ্য পায় প্রশাসন। পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে বাড়িটিতে মোট ৭৬ বস্তা সার পাওয়া যায়। এর মধ্যে ২১ বস্তা সারের বৈধ কাগজপত্র দেখাতে সক্ষম হওয়ায় সেগুলো মালিককে ফেরত দেওয়া হয়। বাকি ৫৪ বস্তা সার জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে। একই সঙ্গে রমজানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা কৃষি অফিসার মল্লিকা রানী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান, সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলমগীরসহ এনএসআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দ করা সারের বিষয়ে তদন্ত শেষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।