ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে সৌদি আরবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ও পাকিস্তান। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় দ্রুত সৌদি ভূখণ্ডে সামরিক বাহিনী পাঠাবে দেশ দুটি।
সোমবার (৫ অক্টোবর) রিয়াদে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রতিনিধিদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত জানানো হয়। গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
এর আগে গত আগস্টে তিন দেশ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি আক্রান্ত হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। আক্রান্ত দেশকে অন্য দুই দেশ সামরিক সহায়তা দেবে।
এর ফলে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্ক, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান এবং উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ শক্তি সৌদি আরব একটি অভিন্ন প্রতিরক্ষা কাঠামোর আওতায় এসেছে।
সোমবারের জরুরি বৈঠকে সৌদি আরবের সাম্প্রতিক হামলা এবং বিশেষ করে পবিত্র মক্কা ও মদিনাকে লক্ষ্য করে চালানো হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। তবে যৌথ বিবৃতিতে ইরান-সমর্থিত হুতিদের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকির তীব্র বিরোধিতা পুনর্ব্যক্ত করে তিন দেশ। একই সঙ্গে সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতি কার্যকর করতে তাৎক্ষণিক পদক্ষেপ এবং প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সক্ষমতা সরবরাহের বিষয়ে একমত হয় তারা।
সৌদি আরবে এসব বাহিনীর দ্রুত মোতায়েন নিশ্চিত করার বিষয়েও সম্মত হয়েছে তিন দেশ। তবে সৌদি ভূখণ্ডে পৌঁছানোর পর তুরস্ক ও পাকিস্তানের সেনারা ঠিক কী ধরনের দায়িত্ব পালন করবে, তা যৌথ বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর সৌদি আরবের বিভিন্ন শহর, তেল স্থাপনা ও জাহাজে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত হুতিরা। গত জুলাই থেকে ইয়েমেনের সংঘাত ফের তীব্র হয়ে ওঠে।
এরপর সেপ্টেম্বরে হুতিরা নতুন অভিযান শুরু করে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের কাছ থেকে দেশটির বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। এর জবাবে সোমবার সৌদি আরবের সমর্থনে পাল্টা অভিযান শুরু করেছে ইয়েমেন সরকার।
হুতিদের নিয়ন্ত্রণে থাকা সব এলাকা পুনরুদ্ধার করাই এ অভিযানের লক্ষ্য। এসব এলাকার কিছু অংশ এক দশকেরও বেশি সময় ধরে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।