নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার (৫ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।

নাইজেরিয়ার বিমান চলাচলবিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো জানান, বিমানবাহিনীর একটি এটিআর-৪২ উড়োজাহাজ বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে নিয়মিত মিশনে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৮টা ১৩ মিনিটে উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে উপকূলীয় শহর ইগবোকোদার কাছে একটি নৌঘাঁটির আশপাশে উড়োজাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয় বাসিন্দারা অনলাইন সংবাদমাধ্যম মিরর ডট কো ডট ইউকেকে জানান, বিমানটি একটি নদীর কাছে বিধ্বস্ত হয়েছে। ধ্বংসাবশেষের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে বলেও জানান তারা।

এক স্থানীয় বাসিন্দার ভাষ্য, বিমানটি মাটিতে আছড়ে পড়ার সময় বজ্রপাতের মতো বিকট শব্দ শোনা যায়। পরে দুর্ঘটনাস্থলে পোশাক, জুতা ও মানুষের দেহের বিভিন্ন অংশ পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। তিনি বলেন, বিমানবাহিনীর প্রধান তাকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করেছেন। দুর্ঘটনার কারণ জানতে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও বিমানবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট তিনুবু।

দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর একটি হতে পারে এটি।

সূত্র: রয়টার্স