মানিকগঞ্জ সদর উপজেলার চরমত্ত গাবতুলী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ মো. ছরোওয়ার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চরমত্ত গাবতুলী এলাকায় ছরোওয়ারের নিজ দখলীয় বসতঘর থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটক ছরোওয়ার চরমত্ত গাবতুলী এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের পর উপ-পরিদর্শক মোর্শেদ আলম আসামির বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন। পরে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী নাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।