নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের ধূসাহাটি চৌরাস্তা মোড়ে পানচাষিদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ‘কৃষক বন্ধু পানের আড়ত’ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পানচাষিদের উদ্যোগে শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ আড়তের উদ্বোধন করেন।
এ আড়ত চালুর ফলে এলাকার পানচাষিদের উৎপাদিত পান বিক্রির জন্য দূরবর্তী হাটবাজারে ছুটতে হবে না। এতে তাঁদের যাতায়াতের সময় ও খরচ কমার পাশাপাশি পরিবহনজনিত ভোগান্তি এবং পথে নিরাপত্তাঝুঁকিও কমবে। একই স্থানে পান বিক্রির সুযোগ তৈরি হওয়ায় কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, সালামাবাদ ইউনিয়নসহ আশপাশের এলাকায় ব্যাপক পান চাষ হয়। কিন্তু উৎপাদিত পান বিক্রির জন্য চাষিদের অনেক দূরে যেতে হয়। এতে সময় ও অর্থের অপচয় হয়, পাশাপাশি পণ্য পরিবহনে নানা সমস্যার মুখে পড়তে হয় তাঁদের। এসব সমস্যা বিবেচনায় নিয়ে পানচাষিদের স্বার্থ রক্ষা, কষ্ট লাঘব এবং স্থানীয়ভাবে পানের বাজার গড়ে তোলার লক্ষ্যে এ আড়ত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তাঁরা আরও জানান, প্রতি সপ্তাহের শুক্রবার, সোমবার ও বুধবার এ হাটে পান কেনাবেচা হবে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের বেচাকেনাও চলবে। এর ফলে পানচাষিরা পান বিক্রির পাশাপাশি একই হাট থেকে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন। স্থানীয়ভাবে কৃষিপণ্যের বেচাকেনার সুযোগ বাড়লে কৃষক ও ব্যবসায়ী—উভয়েই উপকৃত হবেন বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজকদের প্রত্যাশা, ‘কৃষক বন্ধু পানের আড়ত’ স্থানীয় পানচাষিদের জন্য একটি সুবিধাজনক বিক্রয়কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। কৃষকদের সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি তাঁদের স্বার্থ ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে হাটটি পরিচালনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সভাপতি মো. হাচিবুর শেখ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান শেখ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক খসরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিঠু গাজী, সালামাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর ইসলাম রিংকু, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তোরাব মোল্যা এবং সালামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মিশকাত থান্দার। এ ছাড়া স্থানীয় পানচাষি ও ব্যবসায়ীরা।