হলিউডের জমকালো আয়োজনে এবার সুরের মূর্ছনা ছড়াতে যাচ্ছেন বিশ্বসংগীতের জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট। আগামী ১৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে অ্যাকাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সের ষষ্ঠ বার্ষিক ‘অ্যাকাডেমি মিউজিয়াম গালা’য় সংগীত পরিবেশন করবেন এই মার্কিন গায়িকা।

বিশ্ব চলচ্চিত্রের তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানাতে আয়োজিত এ অনুষ্ঠানের শেষ পরিবেশনা হবে সুইফটের। গত বৃহস্পতিবার একাডেমি মিউজিয়াম কর্তৃপক্ষ জমকালো এ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

এ বছরের গালায় সম্মাননা জানানো হবে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সুরকার জন কার্পেন্টার, অস্কার মনোনয়নপ্রাপ্ত অভিনেতা কোলম্যান ডমিঙ্গো এবং অস্কারজয়ী অভিনেত্রী চার্লিজ থেরনকে। চলচ্চিত্র জগতের এই তিন গুণী ব্যক্তিত্বের অবদান উদ্‌যাপনের পাশাপাশি তারকাখচিত সন্ধ্যাটি সংগীতময় করে তুলবেন টেইলর সুইফট।

সুইফটের অংশগ্রহণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে একাডেমি মিউজিয়াম এক বিবৃতিতে জানিয়েছে, তিনি অসাধারণ প্রতিভার অধিকারী একজন শিল্পী, যার সৃষ্টিকর্ম বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে সাড়া জাগায়। এবারের গালায় তাকে স্বাগত জানাতে পেরে কর্তৃপক্ষ আনন্দিত।

চলচ্চিত্রশিল্পকে উদ্‌যাপন ও সংরক্ষণের পাশাপাশি কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্বদের সম্মান জানানোর উদ্দেশ্যে আয়োজিত এ অনুষ্ঠান হলিউডের অন্যতম আকর্ষণীয় তারকাসমাবেশ হিসেবে বিবেচিত। টেইলর সুইফটের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এবারের আয়োজনের পর্দা নামবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।