রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা। অবরোধের কারণে সাজেক ভ্যালিতে বেড়াতে আসা পর্যটকেরা আটকা পড়েছেন। অন্যদিকে, খাগড়াছড়িতে পৌঁছেও অনেক পর্যটক সাজেকে যেতে পারছেন না।
আজ সকাল ৬টা থেকে পাহাড়ের দুটি আঞ্চলিক সংগঠনের যৌথ আহ্বানে এ অবরোধ কর্মসূচি শুরু হয়। এর ফলে খাগড়াছড়ি থেকে সাজেক এবং সাজেক থেকে খাগড়াছড়ি অভিমুখে সব ধরনের গণপরিবহন ও পর্যটকবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সূত্রে জানা গেছে, বর্তমানে সাজেক ভ্যালিতে প্রায় এক থেকে দুই হাজার পর্যটক আটকা পড়েছেন। অবরোধের কারণে তাঁরা পূর্বনির্ধারিত সময়ে গন্তব্যে ফিরতে পারছেন না। এতে পর্যটকদের পাশাপাশি স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরাও উদ্বেগের মধ্যে রয়েছেন।
অন্যদিকে, সাজেক ভ্রমণের উদ্দেশ্যে খাগড়াছড়িতে পৌঁছানো অনেক পর্যটক সড়ক অবরোধের কারণে সেখানে যেতে না পেরে দুর্ভোগে পড়েছেন। হঠাৎ এ পরিস্থিতিতে তাঁদের ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে।
এদিকে, আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালাচ্ছে। বিশেষ পাহারায় পর্যটকদের ফিরিয়ে আনার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
অবরোধের কারণে সাজেকের পর্যটন কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের যাতায়াতে অনিশ্চয়তা কাটছে না।