কুমিল্লার মুরাদনগরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়ন ও মুরাদনগর সদর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের প্রথমটিতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোরেরপাড় এলাকায় পান্তি-রাজামেহার সড়কের কাইয়ুমের মাছের প্রজেক্টের সামনে থেকে শরিফুল ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ওয়াব মেম্বারের বাড়ির মো. মনিরুজ্জামানের ছেলে।

অপর অভিযানে মুরাদনগর সদর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের দক্ষিণ-পশ্চিম পাশে তারতিনুল কোরআন মাদ্রাসার সামনে থেকে ইব্রাহিম (৪২) ও বাবু মিয়া (৩৫) নামে দুজনকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইব্রাহিম মুরাদনগর উত্তরপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে। অপর আসামি বাবু মিয়া বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আড়ালিয়াকান্দি খাঁনেপাড়া গ্রামের আলী হোসেন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মুরাদনগর থানায় পৃথক দুটি মাদক মামলা রুজু করা হয়েছে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।